হাওজা নিউজ এজেন্সি জানিয়েছে, দাম্পত্য জীবনে ধৈর্য একটি মূল্যবান গুণ। তবে এর অর্থ নিষ্ক্রিয় থাকা, নিঃশর্তভাবে অপমান সহ্য করা কিংবা নিজের মানবিক মর্যাদাকে উপেক্ষা করা নয়। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী বায়াত বিষয়টির বিভিন্ন দিক বিশ্লেষণ করে গঠনমূলক ও আত্মমর্যাদাপূর্ণ ধৈর্য ধারণের পাশাপাশি দীর্ঘস্থায়ী পারিবারিক সংকটে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য নিচে উপস্থাপন করা হলো।
একজন শ্রোতার হৃদয়বিদারক অভিজ্ঞতা: যখন কথোপকথনের পথ বন্ধ হয়ে যায়
একজন শ্রোতা তাঁর দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন: “তাঁর সঙ্গে কোনো কথা বলাই সম্ভব নয়। আমি মুখ খুললেই তিনি অপমান করেন, মিথ্যা অপবাদ দেন। বিশেষজ্ঞরা স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনা করার পরামর্শ দেন; কিন্তু তিনি আমাকে কথাই বলতে দেন না। তাঁর কোনো কথায় কষ্ট পেলে সেটি বোঝানোরও সুযোগ পাই না। ঝগড়ার সময় প্রতিবাদ করে যখন জানতে চাই, তিনি কেন এমন কথা বলেছেন, তখন জবাব দেন, ‘তোমার যোগ্যতাই এমন!’
৪৮ বছর ধরে তাঁর সঙ্গে সংসার করছি। আমাদের চার সন্তান রয়েছে। এত বছর ধরে তিনি প্রায়ই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন ও ভ্রমণের কারণে বাইরে থেকেছেন। তিনি ভালো মানুষ, কিন্তু তাঁর মুখের ভাষা অত্যন্ত খারাপ। এমনকি তিনি আমাকে মারধরও করেন। আমি দিশেহারা। যিনি আমাকে দুটি কথা বলারও সুযোগ দেন না, তাঁর সঙ্গে কীভাবে চলব, বুঝতে পারছি না।”
বিশেষজ্ঞের উত্তর: ধৈর্য কঠিন সাধনা, তবে সামনে রয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত
এই সম্মানিত নারীর কণ্ঠে দীর্ঘদিনের কষ্টের কথা শোনা অত্যন্ত বেদনাদায়ক। তাঁকে এবং রাগী ও দুর্ব্যবহারকারী জীবনসঙ্গীর সঙ্গে কীভাবে আচরণ করা উচিত—এমন প্রশ্ন করা অন্য একজন শ্রোতাকে উত্তর দিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা প্রয়োজন।
১. ধৈর্য একধরনের জিহাদ
অনেক সময় স্বামী বা স্ত্রী বুঝতে পারেন না, অপমানের মুখে কেন তাঁদের ধৈর্য ধরতে হবে। বিভিন্ন বর্ণনায় জীবনসঙ্গীর বদমেজাজ ও দুর্ব্যবহারের মুখে ধৈর্য ধারণকে জিহাদের সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে স্ত্রীর ধৈর্য ধারণ তাঁর অন্যতম মহৎ গুণ ও জিহাদ।
এই ধৈর্য নিষ্ক্রিয়তা নয়; বরং সংকট মোকাবিলা ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় অসাধারণ মানসিক শক্তি।
২. দুর্ব্যবহারের মুখে ধৈর্য ধারণে মনীষীদের দৃষ্টান্ত
মনীষীদের জীবনাচরণে ধৈর্য ও সহনশীলতার এমন কিছু দৃষ্টান্ত রয়েছে, যা মানুষকে গভীরভাবে ভাবিয়ে তোলে।
বর্ণিত আছে, আয়াতুল্লাহ খুয়ানসারির (রহ.) স্ত্রী তাঁর সঙ্গে রূঢ় আচরণ করতেন। এমনকি একবার শিষ্যদের সামনেই একটি বই দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এমন পরিস্থিতিতেও তিনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, তখন তিনি বলেছিলেন, ‘আমি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যে, তিনি আমাকে এমন শক্তি দিয়েছেন, যার মাধ্যমে আমি এসব সহ্য করতে পারি এবং রাগের বশবর্তী হয়ে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলি না।’
এমন দৃষ্টিভঙ্গি একজন মানুষকে অসহায়ত্বের অবস্থান থেকে আত্মশক্তিতে বলীয়ান ও আত্মগঠনে সক্ষম মানুষের অবস্থানে উন্নীত করতে পারে।
৩. কঠিন পরিস্থিতির মধ্যেও কল্যাণ নিহিত থাকতে পারে
পবিত্র কোরআনের সুরা নিসার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে: “তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। আর যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে, তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ, অথচ আল্লাহ তার মধ্যেই তোমাদের জন্য প্রচুর কল্যাণ রেখেছেন।”
কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ মানুষের জন্য কল্যাণ নিহিত রাখেন। যেমন—সৎ ও যোগ্য সন্তান লাভ কিংবা আত্মিক উন্নতি ও পরিপক্বতা অর্জন।
৪. সাইয়্যেদ হাশেম হাদ্দাদের ঘটনা: ধৈর্যের প্রকৃত উপলব্ধি
বিশিষ্ট আরিফ সাইয়্যেদ হাশেম হাদ্দাদের শাশুড়ি তাঁর দারিদ্র্যের কারণে প্রায়ই তাঁকে অপমান করতেন এবং দুর্ব্যবহার করতেন। তাঁর উস্তাদ মরহুম আয়াতুল্লাহ কাজী তাঁকে বলেছিলেন, ‘তোমার আত্মিক উন্নতি এই ধৈর্যের মধ্যেই নিহিত।’
একদিন অপমান-অপদস্থতার মাত্রা চরমে পৌঁছায়। এমনকি তাঁর মাকেও কটূক্তি করা হয়। পরিস্থিতির অবনতি ও ঝগড়া এড়াতে সাইয়্যেদ হাদ্দাদ ঘর থেকে বেরিয়ে যান।
সেই মুহূর্তে তিনি ধৈর্যের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করেন। তিনি নিজের সত্তাকে যেন দুই ভাগে বিভক্ত অবস্থায় দেখতে পান। এর একটি ছিল আলোকোজ্জ্বল। চারপাশে থাকা সেই আলোর বলয়ে অপমান ও গালিগালাজের তীর এসে আঘাত করে ফিরে যাচ্ছিল, কিন্তু তাঁর প্রকৃত সত্তার কোনো ক্ষতি করতে পারছিল না।
এই আধ্যাত্মিক উপলব্ধির পর তিনি বাড়িতে ফিরে আসেন এবং তাঁর শাশুড়ির হাতে চুম্বন করেন। কারণ, তিনি তাঁকে নিজের আত্মিক মর্যাদা অর্জনের একটি মাধ্যম হিসেবে দেখেছিলেন। তাঁর এই বিনয় ও সহনশীলতার ফলে শেষ পর্যন্ত ওই নারীর আচরণেও পরিবর্তন আসে।
সারসংক্ষেপ
পৃথিবী যেন দুঃখ-কষ্টের এক অগ্নিকুণ্ড, যার বুননে রয়েছে নানা ধরনের যন্ত্রণা ও বেদনা। কখনো কখনো কিছু মানুষকে আত্মিকভাবে আলোকিত ও উন্নত করার জন্য কঠিন ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।
মনস্তাত্ত্বিক কৌশল ও পদ্ধতির গুরুত্ব অবশ্যই রয়েছে। তবে আহলে বাইতের শিক্ষায় ধৈর্য মানুষের আত্মিক ভিত্তিকে সুদৃঢ় করার একটি মাধ্যম। জীবনের উত্থান-পতন ও নানা প্রতিকূলতার মধ্যেও এসব শিক্ষার আলোয় সবার অন্তর প্রশান্ত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।
একজন শ্রোতার প্রশ্ন: ধৈর্যের কি কোনো সীমা নেই?
“আল্লাহ মানুষকে মর্যাদা ও সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয়ই চান না, কেউ মানুষকে অপমান করুক কিংবা তার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করুক। তাহলে নিঃশর্তভাবে সবকিছু সহ্য করা এবং সব সময় ধৈর্য ধারণ করা কি সঠিক? এ ধরনের ধৈর্য কি অপর পক্ষকে আরও বেপরোয়া করে তোলে না? এতে কি একজন মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ন হয় না? এমন পরিস্থিতিতে কি কোনো সমাধানের পথ খোঁজা উচিত নয়?”
শ্রোতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে তুলে ধরলে দাঁড়ায়: “আমাদের কতটা ধৈর্য ধরতে হবে? এতে কি আমাদের আত্মমর্যাদা প্রশ্নের মুখে পড়ে না? এমনও কি হতে পারে না যে, অপর পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠবে?”
বিশেষজ্ঞের উত্তর: ধৈর্য মানে নিষ্ক্রিয়তা বা চিরস্থায়ী আপস নয়
হয়তো আগের উত্তরে বিষয়টি যথেষ্ট স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি। সময়ের সীমাবদ্ধতার কারণে শুরুতে মূলত ধৈর্য ধারণে উৎসাহিত করাই আমার উদ্দেশ্য ছিল।
নিঃসন্দেহে যে ধৈর্য মানুষকে আত্মিক ও নৈতিক উন্নতির দিকে এগিয়ে নেয় এবং ধর্মীয় শিক্ষার সমর্থন লাভ করে, তার প্রতিদান রয়েছে। তবে ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা, নিষ্ক্রিয়তা, ভয় কিংবা সব সময় পিছিয়ে আসা নয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও কোনো সমস্যা এড়িয়ে চলা বা তা থেকে পালিয়ে থাকাকে ধৈর্যের সঙ্গে এক করে দেখা উচিত নয়।
আমরা যে ধৈর্যের কথা বলছি, তা হলো আত্মমর্যাদাপূর্ণ ও কর্মমুখী ধৈর্য। তাই এই সম্মানিত নারীকে আমার পরামর্শ হলো, তিনি যেন অসহায় ও নিষ্ক্রিয় অবস্থান থেকে বেরিয়ে এসে সমস্যা সমাধানে উদ্যোগী হন। তবে সেই উদ্যোগ হতে হবে সুচিন্তিত ও যথাযথ। স্বামী নিজে থেকেই একদিন বদলে যাবেন—এমন আশায় তাঁর অপেক্ষা করে থাকার প্রয়োজন নেই। বিশেষ করে, দীর্ঘ ৪৬ বছরেও যখন তাঁর আচরণে কোনো পরিবর্তন আসেনি।
আমি তাঁকে একজন পরামর্শক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার এবং নিজের পারিবারিক পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরার পরামর্শ দেব। কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে গেলে এবং তা ব্যক্তির একার পক্ষে সমাধান করা সম্ভব না হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই উত্তম। এ প্রক্রিয়ায় হয়তো স্পষ্ট হবে যে, গালিগালাজ, অপমান ও দোষারোপ কেবল সাধারণ দাম্পত্য কলহের লক্ষণ নয়; বরং এসব আচরণ একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
ধর্মীয় শিক্ষায় যে ধৈর্যের কথা বলা হয়েছে, তার অর্থ হলো—বিচক্ষণ ও গঠনমূলক আচরণের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন এবং অপর পক্ষের চিন্তাভাবনায় পরিবর্তন আনার চেষ্টা করা। অনেক সময় ভুল দৃষ্টিভঙ্গি থেকে তিক্ত আচরণের জন্ম হয়। এমন পরিস্থিতিতে অপর পক্ষের মধ্যে নিরাপত্তাবোধ ও গ্রহণযোগ্যতার অনুভূতি তৈরি করতে পারলে তার চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে।
তবে এর অর্থ এই নয় যে, সব ধরনের ক্ষতিকর আচরণ নিঃশর্তভাবে মেনে নিতে হবে কিংবা সীমাহীনভাবে সহ্য করতে হবে।
যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, এসব আচরণ একজন মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে এবং সমস্যা সমাধানের কোনো কার্যকর পথও দেখা যাচ্ছে না, তাহলে বিষয়টি ব্যক্তিগতভাবে একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা উচিত। যথাযথ পর্যালোচনা ও বিশেষজ্ঞের সহায়তা ছাড়া এ ধরনের পরিস্থিতি দীর্ঘায়িত করলে আরও গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে।
সবশেষে প্রশ্ন হলো, আমরা কি আত্মমর্যাদাপূর্ণ ধৈর্যের পথ বেছে নিয়ে নিজেদের সম্মান রক্ষায় বিচক্ষণতার সঙ্গে সমাধান খুঁজব, নাকি এমন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ব, যা আরও অপমান ও ক্ষতির কারণ হতে পারে? আল্লাহ যখন মানুষকে মর্যাদা দিয়েছেন, তখন আমাদেরও উচিত বিচক্ষণতার সঙ্গে সেই মর্যাদা রক্ষা করা।
আপনার কমেন্ট